রাঙামাটিতে সাদেক চাকমা ও মিলন চাকমা নামের দুই শ্রমিক নিহত


রাঙামাটিতে গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০) নামের দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাঙামাটি শহরের কোতোয়ালি থানাধীন আসামবস্তি-টু-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু সড়ক বেয়ে উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে গাড়িটি পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাদেক চাকমা ও মিলন চাকমাকে মৃত ঘোষণা করেন। বিনয় চাকমা গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, রাতে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই মিনি পিকআপটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।















