স্টা্ফ রিপোর্টার:
পার্বত্যজেলা রাঙামাটির ফরম্যান টিলা এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের উপর পাহাড়ী সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ করেছে। এসময় সেনাবাহিনী প্রতিউত্তরে পাহাড়ী সন্ত্রাসীদের উপর গুলিবর্ষণ করলে পাহাড়ী সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। গোলাগুলির পর সেনাবাহিনীর অতিরিক্ত তিনটি পেট্রোল টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী সমগ্র অঞ্চলটি ঘিরে রেখে তল্লাশী অভিযান পরিচালনা করছে।
বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাসূত্রগুলো পার্ববত্যনিউজকে এখবর নিশ্চিত করেছে।তবে কোন গ্রুপ সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করেছে তা নিশ্চিত করতে পারেনি সূত্রগুলো।
এ ঘটনার পর জেএসএস অত্র এলাকার বিভিন্ন স্থান ও বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে আবার উভয়পক্ষ ঘটনাস্থলের দখল নেয়ার জন্য অবস্থান নিতে শুরু করে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলের যায়। এসময় পাহাড়ী সন্ত্রাসীরা তাদের উপর গুলিবর্ষণ শুরু করলে সেনাবাহিনীও তাদের উপর পাল্টা গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর গুলির মুখে টিকতে না পেরে পাহাড়ী সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।
এ ঘটনায় সেনাবাহিনীর তরফে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ী সন্ত্রাসীদের তরফে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা তল্লাশীর পর জানা যাবে বলে সূত্রটি পার্বত্যনিউজকে জানায়। গুলি বিনিময়ের পর সেনাবাহিনীর অতিরিক্ত ৩টি পেট্রোল টিম ঘটনা স্থলে মোতায়েন করা হয়েছে। তারা সমগ্র এলাকাটি ঘিরে রেখে তল্লাশী অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী খুব শীঘ্রই এলাকাটি সন্ত্রাসী মুক্ত করতে বড় ধরণের অপারেশন পরিচালনা করবে বলে সূত্রে আরো জানিয়েছে।
