parbattanews

রাঙামাটির কাউখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সড়ক দুর্ঘটনা
কাউখালী প্রতিনিধি :

রাঙামাটির কাউখালীতে পিকনিক বাসের সাথে যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর একটার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রানীর হাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী দ্রুত গতির সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১৩১৩৯৮) চটগ্রাম-রাঙ্গামাটি সড়কের কলাবাগান নামক স্থানে পৌঁছলে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় রাঙামাটি থেকে ছেড়ে আসা পিকনিকের বাস (ঢাকা মেট্রো-ব- ১৪৫৮৬৬) এর মুখোমোখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সাটি রাস্তার উপর দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক (২৭), পিতা- মোহাম্মদ মিয়া মারা যান। এ ঘটনায় সিএনজি অটোরিক্সার ভিতরে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়েছেন।

আহতরা হলো- মোঃ জাফর, আশুরাম বসু ও সুকুমার বসু। নিহত আব্দুল খালেকের বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব চরণদ্বীপ বলে জানা গেছে। তিনি পেশায় একজন কাঠের টিপি চালানদার। তিনি রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে বসবাস করতেন।

কাউখালী থানার এস.আই গৌতম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে।

Exit mobile version