রাঙামাটি সংবাদদাতা :
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উন্নয়ন ও জননিরাপত্তার দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সড়কে জননিরাপত্তার দাবিতে আন্দোলনরত সংগঠন “নিরাপদ সড়ক চাই” রাঙামাটি জেলা কমিটি। মঙ্গলবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক ড. মুস্তাফিজুর রহমানের হাতে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, “নিরাপদ সড়ক চাই” রাঙামাটি জেলা কমিটির সভাপতি নুরুল আবচার, সহ-সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, উপদেষ্টা মুজিবুল হক বুলবুল, জেলা কমিটির সদস্য নাসরিন আকতার, মোঃ শাহজাহান আলম।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উভয় পার্শ্বে সীমানা নির্ধারণ পূর্বক জরুরী ভিত্তিতে সড়কের উন্নয়ন, আগামী ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেটে বরাদ্দ দিয়ে রাঙামাটি চট্টগ্রাম সড়কের উন্নয়ন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়া অংশ থেকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স এবং পুরান বাস ষ্টেশন থেকে (শহীদ স্মরনী) থেকে জেলা প্রশাসক মহোদয়ের বাস ভবন পর্যন্ত ট্রাফিক সাইনের বিল বোর্ড প্রদানের দাবীসহ স্মারকলিপিতে ১৬ দফা দাবি পেশ করা হয়।
