রাঙামাটি জেলা পরিষদ তার নিজস্ব আইনে চলবে : কাজল তালুকদার

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয়, রাঙামাটি জেলা পরিষদ চলবে তার নিজস্ব আইনে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
সোমবার (১৭ নভেম্বর) রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে জেলা পরিষদের নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে গেলে বিক্ষোভকারীদের স্পষ্টভাবেই এসব কথা বলেন চেয়ারম্যান।
এসময় বিক্ষোভকারীদের নেতৃত্বে থাকা নেতৃবৃন্দের সাথে স্বল্পপরিসরে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন জেলা পরিষদ চেয়ারম্যান।
বিক্ষোভকারীরা চেয়ারম্যানকে বলেন, চলতি বছরের গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের পত্র উত্থাপন করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলে আমি কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় আমার জেলা পরিষদের নিজস্ব আইন দিয়েই পরিষদ পরিচালনা করবো। এসময় স্মারকলিপি দেওয়ার ছবি তুলতে চাইলে তিনি বিক্ষোভকারি নেতৃবৃন্দের সাথে ছবি তুলতে অপারগতা প্রকাশ করেন।
এই ঘটনা ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা রাঙামাটি জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করতে থাকে এবং জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারকে বাঙালি বিদ্বেষী আখ্যায়িত করে নানা ধরনের স্লোগান দিতে থাকে। নেতৃবৃন্দ বলেন অতি শীঘ্রই রাঙামাটি জেলা পরিষদ ঘেরাও করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করা হবে।
এর আগে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে শুরু করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে জেলা পরিষদে প্রবেশ করে। এসময় তারা জেলা পরিষদের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যসহ কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

















