parbattanews

রাঙ্গামাটিতে ছাত্রদল-জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত, অবরোধ চলছে

BNP-09.12.13

স্টাফ রিপোর্টার :

কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে জেলা ছাত্রদলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল-অবরোধ শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। একইভাবে পালিত হয়েছে জামায়াতের ডাকা হরতালও।

হরতাল ও অবরোধের কারণে সকাল থেকে অভ্যন্তরিন ও দূরপালার যানবাহন ও উপজেলা পর্যায়ে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সরকারী অফিস আদালতগুলো খোলা থাকলেও অন্যান্য দিনের চেয়ে উপস্থিতি ছিলো কম।

এদিকে দুপুরে হরতাল ও অবরোধের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা সাড়ে বারটার সময় শহরের কলেজ গেইট এলাকায় থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান। বিক্ষোভ মিছিলটি রাজবাড়ি, টিএন্ডটি সড়কসহ উপজেলা সদর অফিস ঘুরে কলেজ গেইটে বটতলায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, বিএনপি নেতা এজাজ নবী রেজা, যুবদল নেতা মিন্টু, বিএনপি নেতা খোকন, কলেজ ছাত্রদলের নেতা সুজনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে স্বতঃস্ফুর্ত পালিত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতৃবৃন্দ। জামায়াত নেতা এডভোকেট হারুন জানান, সরকার কাদের মোল্লাকে তার প্রাপ্য কোনো প্রকার আইনী সুযোগ না দিয়ে আইনের অপব্যবহার করে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করছে, যাহা আমাদের তথা বাংলাদেশের আপামর ইসলাম প্রিয় মানুষের পক্ষে মেনে নেওয়া কষ্টকর। তাই আমরা বাধ্য হয়ে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি। এছাড়া নেতাকর্মীদের পিকেটিংয়ে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে ছাত্রদল, জামায়াতের হরতাল ও ১৮ দলীয় জোটের ডাকা টানা অবরোধে এখানকার আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা এড়াতে রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

Exit mobile version