রাজধানীতে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন


রাজধানীতে হঠাৎ বেড়েছে চোরাগোপ্তা হামলা। এতে আইনশৃঙ্খলার কিছুটা অবনতি ঘটায় আতঙ্কে রয়েছে শহরবাসী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা করা ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে দুর্বৃত্তরা রাতের আঁধারে ককটেল হামলা ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সতর্কতার অংশ হিসেবে সব চার্চ, মন্দির, মসজিদসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ১৪২টি স্পটে স্থাপন করা হয়েছে পুলিশের চেকপোস্ট। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই গতকাল ভোররাত থেকে মাত্র সোয়া ৩ ঘণ্টার ব্যবধানে রাজধানীর চারটি স্পটে সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আগুন দেওয়া হয়েছে দুটি যাত্রীবাহী বাসে। কে বা কারা এই নাশকতার ঘটনাগুলো ঘটিয়েছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি, খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে একটি, মৌচাকে একটি, শেরেবাংলা নগর থানাধীন বেতার ভবনের সামনে একটি ও বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। কারা এসব ঘটিয়েছে জানাতে পারেনি পুলিশ।
গতকাল সকাল ৭টার দিকে মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রবর্তনার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আনিকা মাহফুজ জানান, ককটেল দুটি বিস্ফোরণের সময় প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটিই বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুজন ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
সকাল ৭টার দিকে ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ও মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একটি বাসে আগুন লেগেছে।
কীভাবে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি বাসই ভিক্টর পরিবহনের। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভোরে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) সফিকুল ইসলাম বলেন, সিসি ক্যামেরায় দেখা গেছে মেরুল বাড্ডায় মোটরসাইকেলে আসা মুখে মাস্ক পরা এক ব্যক্তি বাসে আগুন দিচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
গুলশান জোনের এসি আলী আহমেদ মাসুদ বলেন, কে আগুন দিয়েছে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। বাসের মালিকপক্ষ মামলা দায়ের করবেন। এর আগে গত শনিবার মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগের দিন শুক্রবার কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়াও মোহাম্মদপুরে একটি গাড়ির গ্যারেজে ও মিরপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাসে অগ্নিকাণ্ডের পিছনে নাশকতা থাকতে পারে ধারণা করছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এন এস মো. নজরুল ইসলাম বলেন, নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলছেই। চোরাগোপ্তাভাবে যে ঘটনা ঘটানো হচ্ছে, সেগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৫৪ :
গত রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা সম্প্রতি আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়াও রবিবার মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
উৎস : বাংলাদেশ প্রতিদিন অনলাইন, ১১ নভেম্বর ২০২৫

















