parbattanews

রাজস্থলীতে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সজীব কান্তি রুদ্র।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং, কারিতাস ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা, সাংবাদিক আজগর আলী খান, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাসহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য স্থানীয় সাংবাদিক ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় উপজেলা একাদশ বালিকা ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন বালিকা একাদশকে ২-০ গোলে পরাজিত করে।

অপরদিকে বালক একাদশ দ্বিতীয় খেলায় ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন একাদশ ৪-১ গোলে ঘিলাছড়ি একাদশকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উজ্বল চন্দ্র শীল এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন উত্তরন তালুকদার ও নেঞমং মারমা। পুরো খেলাটির ভাষ্যকার ছিলেন, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্বল কুমার তঞ্চঙ্গ্যা।

Exit mobile version