parbattanews

রাজস্থলীতে ইউএনও পদ শূন্য, প্রশাসনিক কাজে স্থবিরতা

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেই এক মাসের অধিক। ইউএনওর পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে।

অপর দিকে জুন মাস, ভূমি বিষয়ক শুনানি, সভার আয়োজন, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং অন্যান্য নিয়মিত কার্যক্রম সম্পাদনে সমস্যা হচ্ছে এবং এতে সেবাপ্রার্থীদের ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ করেছেন অনেকে। রাজস্থলী ইউএনও পদ টি বিগত একমাসের অধিক শূন্য থাকায় জনভোগান্তির বিষয়টি রাঙামাটির ডিসি, জেলা প্রশাসক নাজমা আশরাফী জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

সাধারণত ইউএনও'র তত্ত্বাবধানে উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। ইউএনও ভূমি বিষয়ক শুনানি গ্রহণ, বিভিন্ন সভা আয়োজন, উন্নয়ন প্রকল্পের তদারকি, ত্রাণ বিতরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য সরকারি কার্যক্রম পরিচালনা বিধি মোতাবেক পরিচালনা ও তদারক করে থাকেন। ইউএনও না থাকার কারণে এসব কার্যক্রম সম্পাদনে সমস্যা হচ্ছে বলে সরেজমিনে কথা বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, ভূমি বিষয়ক শুনানি এবং উন্নয়ন প্রকল্পের কাজগুলো সময় মতো না হওয়ায় সাধারণ মানুষ নানান ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও জরুরি প্রয়োজনে সরকারি বিভিন্ন সেবার জন্য মানুষ ইউএনও অফিসে গিয়ে সেবা পাচ্ছে না। তাছাড়া ইউএনও না থাকার কারণে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং এবং সিদ্ধান্ত গ্রহণেও সমস্যা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ময়মনসিংহ জেলা সদরে বদলী হওয়ার পর রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব নেন। তিনি সপ্তাহে বা দুই সপ্তাহে একবার এসে অফিস করেন।

Exit mobile version