রাজস্থলীতে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা


রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাণিজ্যিক এলাকা বাঙ্গালহালিয়া বাজারে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার।
রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাঙ্গালহালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা ও দুই প্রতিষ্ঠানকে জরিমানার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ।
এর মধ্যে দইয়ে মেয়াদ ও উৎপাদনের তারিখ না থাকায় বিক্রির দায়ে মাতৃভান্ডার মিষ্টি বিতান ও আপ্যায়ন মিষ্টি ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে রানা দেব নাথ জানান, ভোক্তা অধিকার আইন, ২০০৯-এর (ক) ৩৭ ধারায় মাতৃভান্ডার মিষ্টি বিতানকে চার হাজার টাকা এবং আপ্যায়ন মিষ্টি ভান্ডার কুলিং কর্নারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

















