রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু


রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামে সদ্য অবসরে যাওয়া এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মাত্র কয়েক দিন পূর্বে তিনি অবসরে যান বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে সাড়ে ৮টার দিকে বাঙ্গালহালিয়া বাজারের কালীমন্দির সংলগ্ন নিজ বাসার দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন রেখা চৌধুরী। কোনো একসময় তিনি দুর্ঘটনাবশত দ্বিতীয় তলা থেকে পা পিছলে নিচ তলার ছাদে পড়েন। যেহেতু তিনি একা ছিলেন, তাই ঘটনাটি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেননি।
পরে রাত ১১টার দিকে তার ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় নক করেও কোনো সাড়া শব্দ না পেয়ে বিকল্প পথে প্রথম তলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি চাচাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেখা চৌধুরীর স্বামী প্রয়াত দীলিপ চৌধুরী ছিলেন এলাকায় সপরিচিত ও সাবেক রাজস্থলী উপজেলা সমবায় কর্মকর্তা। এলাকায় গভীর শোক চলছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রয়াত শিক্ষিকার মরদেহ গ্রামের বাড়ি চট্রগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় নিয়ে যাওয়া হবে।

















