parbattanews

রাতে লামার পাহাড়ে মাটি কাটতে গিয়ে এক জনের মৃত্যু

ছবি : প্রতীকী

বান্দরবানের লামায় ইটভাটায় পাহাড়ের মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মো. সাইফুল ইসলাম (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ফাইতং ইউনিয়নের রামখোলা এলাকার এসবিএম ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. সাইফুল ইসলাম রাইম্যাখোলা এলাকার বাসিন্দা মাহাবুব আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাইতং এলাকার এসবিএম ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন নিহত ব্যক্তি সাইফুল। গতকাল দিবাগত গভীর রাতে সাইফুল সহ একদল শ্রমিক ব্রিকফিল্ডের জন্য পার্শ্ববর্তী একটি পাহাড় থেকে মাটি কাটছিলেন। এসময় হঠাৎ মাটি ধ্বসে পড়লে চাপায় পড়ে যান সাইফুল। তাৎক্ষনিক অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে লামা থানার ওসি মো. শাহজাহান কামাল বলেন, ব্রিকফিল্ডের জন্য পাহাড় থেকে মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে সাইফুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লামা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Exit mobile version