রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এর সদস্য হিসেবে জাতীয় সংসদের দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মনোনয়ন প্রদান করেছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত (৪ মে) তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত দুই সংসদ সদস্য হলেন খাগড়াছড়ি আসনের সাংসদ আবদুল ওয়াদুদ ভুইয়া ও বান্দরবান আসনের সাংসদ সাচিং প্রু জেরী।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ধারা ১৮(১)(ঘ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে এই দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই মনোনয়নের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ (ভিসি) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পিকারের একান্ত সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
