parbattanews

রামগড়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

RAMGARH PHOTO 6রামগড় প্রতিনিধি:

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রামগড়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে এসে নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা নিশ্চিত করতে রামগড়ের কেন্দ্র দুটির আশেপাশে মোতায়েন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টহলদল। এছাড়া পুলিশও মোতায়েন করা হয়।

রামগড় উপজেলা নির্বাহি অফিসার মো: ইকবাল হোসেন জানান, পরীক্ষার্থীদের নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেয়ার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার প্রথম দিনে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মিসেস আনার কলি রামগড়ের কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এদিকে রামগড় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব কুমার ত্রিপুরা জানান, পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য যুবলীগের নেতা-কর্মীদের সজাগ ও সর্তক রাখা হয়েছে। নিজ নিজ এলাকায় নেতা-কর্মীরা পরীক্ষার্থী ও তাদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ সমন্বয় করছে।

রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক জানান, এবার রামগড়ের দুটি কেন্দ্রে ২১০জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে ১০৭ জন ছাত্র ও ১০৩ জন ছাত্রী। এছাড়া দাখিল পরীক্ষার্থী রয়েছে ৩৫জন।

Exit mobile version