parbattanews

রামগড়ে মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে  এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসি।

রবিবার (২৩ সেপ্টেম্বর) মাইন উদ্দিন(২৬) নামে এ মাদক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ ১শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। গণ ধোলাইয়ে আহত হওয়ায় পুলিশী প্রহরায় তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় গ্রামবাসি সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার শ্মশানটিলার বাসিন্দা শফিকুর রহমানের ছেলে মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, ভারতীয় মদসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। অত্যন্ত উচ্ছৃঙ্খল ও ধূর্ত স্বভাবের এ মাদক ব্যবসায়িকে বিজিবি ও পুলিশ বহুবার ধরতে চেস্টা করেও ব্যর্থ হয়। তার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আলমগীর নামে এক গ্রামবাসিকে সে গেল শনিবার বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে রামগড় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রামবাসিরা বিক্ষুব্দ হয়ে উঠে।

রবিবার সকাল ১১ টার দিকে শ্মশানটিলার একটি দোকানে বসে থাকতে দেখে গ্রামের লোকজন এসে তাকে ধরে ফেলে। এ সময় বিক্ষুব্দ লোকজন তাকে গণ ধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিয়ে এনে তাদের কাছে মাইনকে সোপর্দ করা হয়। এসময় তার শরীর তল্লাসী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গণ পিটুনীতে আহত মাইনকে পুলিশ প্রহরায় রামগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মো: আব্দুল হান্নান জানান, মাইন উদ্দিন একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। সে খুবই ধূর্ত । বিজিবি ও পুলিশ বহুবার তাকে ধরতে চেস্টা করে ব্যর্থ হয়। সে মাদক সম্রাট বাদশা’র সেকেন্ডম্যান। গেল ২৯ আগস্ট পুলিশের জালে ধরা পড়ে বাদশা এখন জেলে। ওসি আরও জানান, বাদশা গ্রেফতার হওয়ার পর তার মাদক ব্যবসা পরিচালনা করতো মাইন উদ্দিন। রামগড় থানায় মাইন উদ্দিনের নামে সাতটি মামলা রয়েছে।

Exit mobile version