parbattanews

রামুতে পুকুরে ডুবে প্রাণ হারালো কিশোর

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে পুকুরে ডুবে জাহিদ হোসেন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মৌলভীর কাটা শাইরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন ওই এলাকার কবির হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় জাহিদ। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু হান্নান পুকুরে ডুবে কিশোর জাহিদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, পুকুর ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

Exit mobile version