উপজেলা প্রতিনিধি, রামু :
কক্সবাজারের রামুতে একদলীয় প্রহসনের নির্বাচন বন্ধ করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে নির্বাচন ও ১৮ দলের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেফতারের মাধ্যমে হয়রানির প্রতিবাদে ফতেখাঁরকুল সদর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামীলীগ কথিত নির্বাচন কমিশনারকে দিয়ে ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষ প্রহসনের এ নির্বাচন সফল হতে দেবে না। জনগন তা রুখে দেবে।
রামু বাইপাস চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতেখাঁরকুল সদর ইউনিয়ন যুবদল সভাপতি আবুল বশর বাবু। ফতেখাঁরকুল সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক হেমসেল সরওয়ারের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোঃ আবদুস শুকুর, উপজেলা যুবদল আহবায়ক ফোরকান আহমদ, উপজেলা কৃষকদলের আহবায়ক টিপু সুলতান চৌধুরী।
এর আগে রামু উপজেলার চৌমুহনী উত্তর পার্শ্বস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল রামু চৌমুহনী, উপজেলা পরিষদ ও বাইপাস চত্বর প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়।
এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল সদর যুবদলের সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, রামু কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হোসনে মোবারক মিনার, ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক, যুবদল নেতা রুহুল আমিন (রকি), জসিম, এনামুল হক প্রমূখ।
