রামুতে সিএনজি ও ডাম্পার সংঘর্ষে কিশোর নিহত


কক্সবাজারের রামুতে ডাম্পার-সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. কাজল (১২) নামের কিশোর প্রাণ হারিয়েছেন। নিহত কাজল রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে। এতে আহত হন আরও ৪ জন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজির সাথে দ্রুতগামী ডাম্পারের সংঘর্ষ হলে গুরুতর আহত হন নিহত কাজলসহ ৫ জন। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাজল। আহত সিএনজি চালকসহ অন্যান্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সন্তানের এমন অকাল ও নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা নুরুল আমিনসহ পরিবারের সদস্যরা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন শিশু কাজলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

















