রামু প্রতিনিধি:
রামু উপজেলায় এক সপ্তাহ ধরে দুইজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। এরা রামুর ঐতিহ্যবাহি রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র।
নিখোঁজ ছাত্রদ্বয় হলো, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল গ্রামের মৃত মৌলানা নুরুল হাকিমের ছেলে মো. ফয়সাল (১২) ও রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিন দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের নুরুল ইসলামের ছেলে রহিম উল্লাহ (১৩)।
জানা গেছে, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা এতিম খানার নিবন্ধিত ছাত্র মো. ফয়সাল গত ১২ আগষ্ট বিকাল চারটার দিকে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পরবর্তীতে সে বাড়িতে না এলে পরিবারের সদস্যরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। এ ঘটনায় মো. ফয়সালের মামা মো. আলী হোছাইন ১৮ আগষ্ট রামু থানায় সাধারণ ডায়েরী (নং-৮৩৩) করেন। হালকা-পাতলা গড়নের মো. ফয়সালের উচ্চতা প্রায় ৪ ফুট। তার পরনে ছিলো আকাশি রংয়ের পাঞ্জাবি ও কালো লুঙ্গি। শিশুছাত্র মো. ফয়সাল এর সন্ধান পেলে মোবাইল ফোন নং-০১৮১২-৬৭৮৭৯১ অথবা ০১৮১৭-০১৯৪৬১ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে একই মাদ্রাসার ছাত্র রহিম উল্লাহ গত ১২ আগষ্ট বিকাল তিনটায় বাড়ি থেকে মাদ্রাসায় আসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু পরে মাদ্রাসায় ফিরে না এলে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিশুটির পরিবারের সদস্যরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি শুরু করে। এক সপ্তাহ পরও তার সন্ধান না পেয়ে গত ১৮ আগষ্ট রহিম উল্লাহর মামা নুরুল আজিম এ ব্যাপারে রামু থানায় সাধারণ ডায়েরী (নং-৮৩২) করেন। রহিম উল্লাহর গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৪ ফুট। পরনে ছিলো পাঞ্জাবি ও লুঙ্গি। শিশুছাত্র রহিম উল্লাহর সন্ধান পেলে মোবাইল ফোন নং-০১৮১৫-৪৩৮৯৬৬ অথবা ০১৮১৭-০১৯৪৬১ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিম খানার দুই ছাত্র নিখোঁজ হওয়ার বিষয়টি অবহিত করেছেন, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাওলানা মুহছেন শরীফ। তিনি জানান, বর্তমানে ওই ২ ছাত্রের পরিবারের সদস্য ও স্বজনরা চরম উৎকন্ঠায় সময় পার করছে। এ দুই ছাত্রের সন্ধান পেলে প্রতিষ্ঠান অথবা নিখোঁজ ছাত্রদ্বয়ের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
