রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি


বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সিআইডি দুটি জাতীয় দৈনিক আমার দেশ ও ডেইলি স্টার এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ক্ষমতা পায়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দাখিল করে।
তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
দ্রুততম সময়ের মধ্যে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে। তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।
এরপর গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
আদালতের সেই নির্দেশ অনুসারে সিআইডি ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিআইডি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী সরকারের বিচার এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

















