রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদলের গোলাগুলি, নিহত এক


টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিতে নুর কামাল নামে একজন নিহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ গুলাগুলির ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ডাকাতদলের মধ্যে প্রায় সময় গোলাগুলি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে আসছিল। নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং সেও একজন অস্ত্রধারী সন্ত্রাসী।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় নিহত হওয়া নুর কামাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

















