বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের কার্যকর সমাধান হতে পারে।
তিনি আরও বলেন, ভাসানচর ও কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখে বাস্তবসম্মত সমাধান খুঁজতে বাংলাদেশ ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
তহবিল সংকটের প্রেক্ষাপটে যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি)-এর আওতায় খাদ্য, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও শিক্ষাসহ জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ বাড়াতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ইভো ফ্রেইজসন। একই সঙ্গে তিনি এ সংকটে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
