parbattanews

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেন।

বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি শামা ওবায়েদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-সুইডেন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নারী উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতি বিষয়ক পদক্ষেপ তুলে ধরেন।

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প ও প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে সুইডেনের আরও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয় এবং শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।

Exit mobile version