parbattanews

লামায় কারিতাস ও উবিনীগের উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

Tamak Mukta Debos Photo Lama, 31 May'14

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) ও কারিতাস খাদ্য নিরাপত্তা এবং পার্বত্য অঞ্চলে টেকসই জীবিকা উন্নয়ন (সিঁড়ি) প্রকল্পের উদ্যোগে পৃথকভাবে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে উবিনীগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘তামাকের উপর কর বাড়াও, রোগ মৃত্যুর হার কমাও’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- উবিনীগের পরিচালক সীমা দাস সীমু, উবিনীগের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক টিটো, লামা পৌরসভার সাবেক মেয়র তাজুল ইসলাম, কৃষক মোমেনা বেগম ও সমাজ সেবক মো. কাশেম প্রমুখ। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

এদিকে বেলা ১২টার দিকে কারিতাস খাদ্য নিরাপত্তা ও সিঁড়ি প্রকল্পের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। পরে কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা তামাকের ক্ষতিকর দিক উল্লেখ করে বলেন, লামা উপজেলার খাস জমি, মাতামুহুুরী নদীর চর ও সরকারী জমিসহ আশপাশ এলাকার উর্বর খাদ্য ফসলের জমিতে ব্যাপক হারে ক্ষতিকর তামাক চাষ হচ্ছে। তারা বলেন, একই জমিতে বারবার তামাক চাষের ফলে এখানকার সবুজাভ পরিবেশ, মাটির উর্বরতা, খাদ্য নিরাপত্তা, পাহাড়-মাটি, নদী-খাল ও প্রাণবৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। পাশাপাশি এই চাষে সংশ্লিষ্টরা আক্রান্ত হচ্ছে জটিল রোগে। যেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বের সঙ্গে দেশবাসীও সরব, সেখানে গাছগাছালির সবুজ বনায়নের বদলে এলাকায় তামাক চাষের প্রসার উদ্বেগ জনক।

বক্তারা খাস জমি, নদীর চরসহ সরকারী জমিতে তামাক চাষ বন্ধসহ তামাকের উপর কর বাড়িয়ে, রোগ মৃত্যুর হার কমানোর জোর দাবী জানান।

Exit mobile version