শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এসময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরপর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন।
দিনের পরবর্তী কর্মসূচিতে তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে একই এলাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন বলে দল থেকে জানানো হয়েছে।

















