পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে এস এম জুমজুমকে আনতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন মা রজনী ইসলাম (৩৭)। মেয়েকে স্কুল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও রজনীর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শাড়ি দেখে মরদেহ রজনীর বলে শনাক্ত করেন স্বামী জহুরুল ইসলাম। মরদেহ বুঝে পাওয়ার পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
রজনী ও জহুরুল দম্পতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা। আজ সকাল ৯টায় জানাজা শেষে ১০টার দিকে গ্রামটির গোরস্তানে রজনীর মরদেহ দাফন করা হয়েছে। এই দম্পতির ২ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে এস এম রুবাই একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। মেয়ে জুমজুমের সঙ্গে আরেক ছেলে এস এম রোহানও মাইলস্টোনের শিক্ষার্থী। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। তবে গতকাল অসুস্থ থাকায় সে স্কুলে যায়নি।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই দশক ধরে জহুরুল সপরিবারে ঢাকায় থাকেন। সেখানে তিনি গার্মেন্টস ব্যবসা করেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে পরিবারের কাছে রজনীর মরদেহ হস্তান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে মরদেহ নিয়ে দৌলতপুরের গ্রামের বাড়িতে রওনা হন তাঁরা। ভোরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে রজনীর বাবার বাড়িতে মরদেহটি নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর মরদেহ দৌলতপুরের বাড়িতে নিয়ে যান তাঁরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গ্রামের বাড়িতে রজনীর মরদেহটি পৌঁছালে সেখানে ভিড় করেন আশপাশের বাসিন্দারা। আজ
রজনীর দাফনে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকী। তিনি বলেন, একটা পরিবারে যে ক্ষতি হলো, সেটি কখনোই পূরণ হওয়ার নয়। মায়ের কোনো বিকল্প হতে পারে না। সন্তানেরা যাতে ভালো থাকে, সেই দোয়া করা হয়েছে।
