শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় রাঙামাটি জেলা পরিষদে তালা


সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা রাঙামাটি জেলা পরিষদে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। ১২ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এসময় আন্দোলনকারীরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত আদেশ প্রত্যাহার এবং পূর্ব নির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা গ্রহণের দাবিতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। তবে চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত না থাকায় পরিষদের সদস্য মিনহাজ মুরশিদের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করে আন্দোলনকারীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ১১ নভেম্বর যৌক্তিক কারণ ছাড়াই নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। আমরা মনে করছি, এই স্থগিত আদেশ সম্পূর্ণ অযৌক্তিক। এই নিয়োগ ইতোপূর্বে ২ বার বিভিন্ন অজুহাতে স্থগিত করা হয়েছে। এতে আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে চাকরি পাওয়ার যে অধিকার তা ক্ষুন্ন হচ্ছে। এর দ্বায়ভার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এড়াতে পারে না।
স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করে যে, বিগত সরকারের সময়ে নিয়োগ পরীক্ষাগুলোতে পরিষদের অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত পরিষদের নিয়োগসমূহ মেধার ভিত্তিতেই হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও পরিষদের অধীনে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে সম্পন্ন হবে। গতকালের স্থগিত আদেশ সাধারণ পরীক্ষার্থীদের হতাশ ও আশাহত করেছে। এতে হাজারো পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
আন্দোলনকারীদের দাবি, নির্ধারিত ১৪ নভেম্বর শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ বলেন, জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা দেশের বাইরে রয়েছেন। জেলা পরিষদের চেয়ারম্যান জেলার বাইরে রয়েছেন। নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য যথেষ্ট জনবল দরকার। অনেক শিক্ষক বাইরে আন্দোলনে থাকায় এ নিয়োগ পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয়। মুখ্যনির্বাহী কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত হলে অতি শিগগরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনত চাকরি প্রত্যাশীরা জেলা পরিষদের সামনে অবস্থান করছেন। তারা পূর্বের ঘোষণা অনুযায়ী পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে প্রধান ফটকে তালা দেয়ায় অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা অফিসে ঢুকতে পারছে না। অফিসে কেউ ঢুকতে কিংবা বের হতে পারছেন না।

















