শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ এবং কুপ্রস্তাব দেওয়ার দায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সমন্বয় টিমের সমন্বয়কারী এনসিপির এক নেতাকে জুতাপেটা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় ওই নেতাকে দল থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষর করা এক নোটিশে তাকে অব্যাহতি ও শোকজ দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।
জানা গেছে, সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। কয়েকজন নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকার অভিযোগ, সাব্বির তাদের মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠাতেন এবং অশালীন আচরণ করতেন। পরে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন এবং একজন সাব্বিরকে জুতাপেটা করেন। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, শিক্ষিকা ও নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর ঘটনাটি ঘটে। পরে আলী আজম সাব্বির লিখিতভাবে নিজের দোষ স্বীকার করে অঙ্গীকারনামা দেন।
তিনি বলেন, প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ তাদের নজরে আসার পরপরই সাব্বিরকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে তিন দিনের সময় দেওয়া হয়েছে এবং অপরাধ প্রমাণিত হলে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
