parbattanews

শৃঙ্খলা ও সামাজিক পরিবর্তনে আনসার-ভিডিপির ভূমিকা অপরিসীম : মহাপরিচালক

ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, “শৃঙ্খলাই হল উন্নয়ন ও সম্ভাবনার মূল ভিত্তি। একটি সুশৃঙ্খল সমাজেই আদর্শ রাষ্ট্র গঠনের পথ সুগম হয়।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত ভিডিপির ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

প্রশিক্ষণরত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক বলেন, “আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেবল বাহ্যিক শৃঙ্খলা নয়, বরং নৈতিক জীবনাচার ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করেও একটি সুসংহত সমাজ গঠনে সহায়তা করে।”

তিনি আরও বলেন, “সমাজে বিদ্যমান অনিয়ম, অপচয় ও দুর্নীতিকে রাষ্ট্রের জন্য ভয়াবহ ব্যাধি হিসেবে চিহ্নিত করতে হবে। এসব থেকে উত্তরণে তরুণ ভিডিপি সদস্যদের দায়িত্বশীল, ইতিবাচক সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে।”

মহাপরিচালক ‘সামাজিক চুক্তি’র ধারণাকে সামনে এনে বলেন, “সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সমাজে বিদ্যমান অসংগতি সামাজিকভাবেই সমাধান সম্ভব। ভিডিপির তৃণমূল সদস্যরাই এই পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠতে পারে।”

এই সময় মহাপরিচালকের সঙ্গে ছিলেন ভিডিপির উপমহাপরিচালক (অপারেশন্স) মোঃ সাইফুল্লাহ রাসেল, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা তারা নিজ নিজ সমাজে প্রয়োগ করে বাংলাদেশকে একটি কল্যাণমুখী, আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।”

 

Exit mobile version