parbattanews

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত ইতিবাচক উত্তর দেয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ বিষয়ে দিল্লি থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।

শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এর নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে।

তিনি বলেন, ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।

শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কি না উত্তরে উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।

Exit mobile version