নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্য ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন, গত বছরের ছাত্র আন্দোলন—যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাটকীয় বিদায় ঘটে—সেটি ভারত পছন্দ করেনি। সেই কারণেই বর্তমানে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন চলছে বলে প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
বক্তব্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনর্জীবিত করার প্রস্তাবও দেন ড. ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য ও সাগরপথে প্রবেশাধিকারের সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা রয়েছে, কারণ তারা ছাত্রদের কর্মকাণ্ডকে ভালোভাবে নেয়নি।’ একই সঙ্গে অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমে ছড়ানো ‘ভুয়া সংবাদ’ এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে, প্রচার করা হচ্ছে যে এটা নাকি ইসলামপন্থী আন্দোলন।’
ইউনূস অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারত হাসিনাকে আতিথ্য দিচ্ছে, যিনি নানা সমস্যার সৃষ্টি করেছেন…এটাই বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বাড়াচ্ছে।
গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর থেকে প্রতিবেশী দেশটিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চল দখলের হুমকি এবং ক্রমবর্ধমান ভারতবিরোধী বক্তব্য নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের ওপর হামলা বেড়ে যাওয়ার বিষয়েও ভারত সতর্কতা জানিয়েছে। তবে ইউনূস প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়, ফলে দুই দেশের সম্পর্কে অবনতিই অব্যাহত রয়েছে।
