parbattanews

সংঘাত বৃদ্ধির ব্যাপারে কাতারের হঁশিয়ারি

মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে কূটনৈতিক সুযোগ সংকুচিত হওয়ায় ‘আঞ্চলিক সংঘাত’ বৃদ্ধির ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে উপসাগরীয় দেশ কাতার।

মঙ্গলবার সতর্কবার্তা দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, কূটনৈতিক সমাধানের পথ দ্রুত বন্ধ হয়ে আসছে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি বিন্দুর কাছাকাছি পৌঁছে গেছি যেখান থেকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

জোর দিয়ে তিনি বলেন, দীর্ঘস্থায়ী এই শত্রুতা কোনো রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ পূরণ করে না। ‘যদি এই যুদ্ধ চলতে থাকে তবে কেউ জয়ী হবে না।’

গুরুত্বপূর্ণ সম্পদ এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সাম্প্রতিক ঘটনার বিষয়ে কাতারের মুখপাত্র বলেন, ‘যেকোনো পক্ষের পক্ষ থেকে বেসামরিক এবং জ্বালানি অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আল-আনসারি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীসহ আঞ্চলিক সামুদ্রিক করিডোরকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘হরমুজ একটি প্রাকৃতিক প্রণালী, কোনো খাল নয়; এবং এই অঞ্চলের সকল দেশের এটি অবাধে ব্যবহারের অধিকার রয়েছে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ৩৮তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Exit mobile version