parbattanews

সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে রবিবার স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ

o 1DSC_0010_Fotor copy
কাউখালী প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক খুন, গুম, ধর্ষণ, অপহরণপূর্বক মুক্তিপণ আদায়, লাগামহীন চাঁদাবাজী, অবৈধ অস্ত্র উদ্ধার, সেনা ক্যাম্প বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে বাঙালী সংগঠনগুলো ১৪ মে রবিবার মহাসমাবেশের ডাক দিয়েছে। মহাসমাবেশ ঘিরে কোন ধরনের বিশৃংখলা যাতে সৃষ্টি না হয় তার জন্যে পুরো রাঙামাটি নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।

সব ঠিকঠাক থাকলে রবিবার সকাল দশটায় রাঙামাটির জিমনেসিয়াম মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশকে ঘিরে পার্বত্য জেলা রাঙামাটি এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সমাবেশকে সফল করতে ১০ উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে মানুষ যাতে নির্বিঘ্নে সমাবেশ স্থলে যোগ দিতে পারে সেজন্যে স্থল পথ ছাড়াও পানি পথেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে সংগঠনগুলোর পক্ষ থেকে।

সন্ত্রাসের বিরুদ্ধে রবিবারের সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত হবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার অন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল। তিনি জানান, মহাসমাবেশ অন্তত ত্রিশ হাজার লোক সমাগম হবে।

বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা জাহাঙ্গীর হোসেন মুন্না জানান, পাহাড়ী বাঙ্গালীসহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। মহাসমাবেশ থেকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। তিনি জানান, মহাসমাবেশ শান্তিপূর্ণ করতে প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত থাকবে।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, মহাসমাবেশের শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ প্রশাসন ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধননের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিশেষ বিশেষ স্থানে সাদা পোষাকে থাকবে পুলিশের বিশেষ টিম। সমাবেশের দিন সকাল থেকে পুলিশের টহল টিম থাকবে প্রধান প্রধান সড়কগুলোতে।

Exit mobile version