সম্পদের হিসাব দিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা


সম্পদের হিসাব দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও তাঁর স্ত্রী নন্দিতা চাকমা। সুপ্রদীপ চাকমার এক বছরে সম্পদ কমেছে ১৬ লাখ ৩৪ হাজার ৩৪৫ টাকার। একই সময়ে তাঁর স্ত্রী নন্দিতা চাকমার সম্পদ কমেছে ৪ লাখ ৪৪ হাজার ৫৫৫ টাকার।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে পার্বত্য উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা ও তাদের স্ত্রীদের নামে থাকা সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুনে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা। ২০২৪ সালের ৩০ জুন যার পরিমাণ ছিল ১ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ১৪১ টাকা। এক বছরে সম্পদ কমেছে ১৬ লাখ ৩৪ হাজার ৩৪৫ টাকার। উল্লেখিত সম্পদ ব্যতিত পার্বত্য উপদেষ্টার দেশের বাইরে কোথাও কোনো সম্পদ নেই।
সুপ্রদীপ চাকমার স্ত্রী নন্দিতা চাকমার ২০২৫ সালের ৩০ জুন সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ লাখ ৭৫ হাজার ৫৯৪ টাকায়। ২০২৪ সালের ৩০ জুন যার পরিমাণ ছিল ৬৩ লাখ ২০ হাজার ১৪৯ টাকা। সম্পদ কমেছে ৪ লাখ ৪৪ হাজার ৫৫৫ টাকার। তবে ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের পরিমাণ কমেছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ৯ লাখ ৪৭ হাজার ৫৪৫ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ লাখ ৭৮১ টাকা।

















