parbattanews

সরকার পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের নামে দলীয়করণ করেছে : সন্তু লারমা

সন্তু লারমা
স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে বর্তমান সরকার তিন পার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠনের নামে দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

তিনি বলেন, ‘সরকার একতরফা পরিষদ পুনর্গঠন করে চুক্তি বিরোধী কাজ করেছে। তাছাড়া পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছেনা। দেওয়া হয়নি কোন সুনির্দিষ্ট ঘোষণাও। অন্যদিকে পার্বত্যাঞ্চলের সীমান্ত রক্ষার নামে নতুন করে সামরিকীকরণের চেষ্টা করা হচ্ছে। তাই পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনে হেডম্যানদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসাতে হবে। চুক্তি বাস্তবায়ন না হলে যেমন পাহাড়ের ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন অনিশ্চিত হয়ে পড়বে। তেমনি হেডম্যান কার্বারীদের অস্তিত্বও বিলিন হয়ে যাবে।

শুক্রবার সকাল ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক মিলনায়তনে ২দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা এসব কথা বলেন।

সম্মেলনে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা, ইউএনডিপি ও সিএইচটিডিএফের ডেপুটি ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।

সন্মেলনে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের দুই শতাধিক হেডম্যান উপস্থিত ছিলেন।

Exit mobile version