প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে ৬টি কেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।
রবিবার (১৯ মে) দুপুরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন অভিযোগ করে এ বিষয়ে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান দিদারুল আলম।
তিনি অভিযোগ করেন, জনৈক প্রার্থী নিজেকে মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানের সমর্থিত প্রার্থী বলে মিথ্যাচার করে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। যা আদৌ সত্য নয়।
তার অভিযোগ, আগামী ২১ মে অনুষ্ঠাতব্য খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে জনৈক প্রার্থী পৌর এলাকার খাগড়াছড়ি সরকারি কলেজ, রহমতপুর কুমিল্লা টিলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভোট কেন্দ্র দখলসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট বন্ধ ও বানচালের ষড়যন্ত্র করছে বলে তথ্য রয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানানো হয়েছে।
তিনি বলেন, জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাহলে আমার বিজয় নিশ্চিত।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরি, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, পৌর কাউন্সিলার অতীশ চাকমা, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার চৌধুরীসহ প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও কর্মী-সমর্থকরা।
আগামী ২১ মে অনুষ্ঠাতব্য খাগড়াছড়ি সদরসহ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাগড়াছড়ি সদর উপজেলায় ভোট কেন্দ্র ৪১টি। মোট ভোটার ৯২ হাজার ৮৬৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।
