parbattanews

সাংবাদিক সেজে ইয়াবা পাচারকালে টেকনাফে আটক ১

কক্সবাজারের টেকনাফে সাংবাদিক সেজে ইয়াবা পাচারকালে হোয়াইক্যং চেকপোস্টে মাইক্রোবাস তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা।

গত সোমবার (২৫ মে) বিকেলে হোয়াইক্যং চেকপোস্টের সামনে এই অভিযান চালানো হয়। ২৬ মে বিজিবির পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার সিকদারপাড়া গ্রামের মুহাম্মদ নুরের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক বিকেল ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের ‘হেনরী’ (নারকোটিক্স) গাড়িটি তল্লাশির উদ্যোগ নেন। এ সময় মাইক্রোবাসের চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের সাথে অশোভনীয় আচরণ করেন এবং জোরপূর্বক গাড়ি চালিয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে গাড়িটি এবং চালককে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক আইডি কার্ড উদ্ধার করা হয়। একই সাথে ডগ হেনরীর সহায়তায় মাইক্রোবাসের পিছনের সিটের কভারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং তার ব্যবহৃদ আইফোনটিও জব্দ করেছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোহাম্মদ আনোয়ার স্বীকার করেছেন যে, তিনি এসব ইয়াবা হ্নীলা থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক জানিয়েছেন, মাদক সরবরাহকারী এবং চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version