সাগরে বৈরী আবহাওয়ায় ফিশিং বোট ডুবে ৫ জেলে নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৭ জেলেকে। সোমবার (১৩ জুলাই) ভোর রাতে বোটটি ডুবে গিয়েছিল বলে বোটের মালিক জানিয়েছেন।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ফিশিং বোটটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ফিশিং বোটটি ডুবে যায়।
এ সময় ৭ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও মো. সাগর (১৮), মো. করিম (২২), আইয়ুব মনির (২০), কামাল (৪৫) এবং পেকুয়া উপজেলার মগনামার একজনসহ ৫ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বিকেল ৪টার দিকে ডুবন্ত বোটটি পাওয়া গেছে বলে জানা গেছে।
থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ জানান, সাগরে ফিশিং বোট ডুবির ঘটনায় জেলে নিখোঁজের বিষয়ে থানায় জিডি প্রক্রিয়াধীন আছে।
