parbattanews

সাজেকে কৃষকের হলুদের গুদাম পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

রাঙামাটির সাজেকের পূর্ব শত্রুতার জের ধরে হলুদের গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ( ১০ জুন ) ভোরে এই ঘটনা ঘটে।  মিঠুন জয়, কাটি কুমার ত্রিপুরা, লোবিন ত্রিপুরাসহ আরও কয়েকজনের মজুদকৃত গুদামে আগুন ধরিয়ে দেয়।

এ আগুনে প্রায় ১ হাজার মনের বেশি হলুদ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় স্থানীয় কৃষকদের ভাগ্যে আঘাত নেমে এসেছে বলেও জানান কৃষকরা।

রাঙামাটির সাজেক ইউনিয়নের মিঠুন জয় ত্রিপুরা বলেন, গতকাল বিকাল পর্যন্ত রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম এলাকা থেকে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য হলুদ বাজারজাত করার জন্য তিনটি গুদামে জড়ো করে। এ নিয়ে তারা হলুদ বিক্রির জন্য রাঙামাটির ও খাগড়াছড়ির বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আলোচনা চালিয়ে যায়। দীর্ঘ বছর ধরে তারা এভাবেই তাদের কষ্টার্জিত হলুদ বিক্রি করে আসছিল।

কিন্তু কে বা কারা আজ ভোররাতের দিকে তিনটি গুদামে আগুন দিয়ে তাদের সমস্ত হলুদ পুড়িয়ে দেয়। এতে কৃষকদের প্রায় ৭ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তারা জানান।

কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সাধারণ কৃষক। কষ্ট করে চাষাবাদ করে নিজেদের পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করছি। কিন্তু কারা এই ক্ষতি করল, আমরা বুঝতে পারছি না। আমাদের নিঃস্ব করে দিল। পরিবার-পরিজন নিয়ে আমরা কীভাবে থাকব, তা বুঝতে পারছি না। আমরা দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, বিষয়টি আমরা জেনেছি। সাজেক থানার ওসি বিষয়টি তদন্ত করছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটেছে।

Exit mobile version