রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম জুপ্পুই এলাকায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে প্রভাতী ত্রিপুরা (১৮) নামের এক তরুণীর জীবন বাঁচিয়েছে বিজিবি।
অসুস্থ তরুণীর স্বামী রুহিম ত্রিপুরা জানায়, তার স্ত্রী সন্ধ্যায় হঠাৎ পেট ব্যথায় ছটফট করতে থাকে। কিছু বুঝে উঠার আগেই সে জ্ঞান হারিয়ে মুমূর্ষু অবস্থায় চলে যায়। আশপাশে কোনো কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় স্ত্রীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে খবর দেয়া হয়।
সংবাদ পেয়ে এক মুহূর্তও দেরি না করে ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিক নির্দেশনায় অসুস্থ তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পায়ে হেটে বিওপিতে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়।
বিজিবির এমন মানবিক পদক্ষেপের ফলে মুমূর্ষু অবস্থার প্রভাতী ত্রিপুরা নতুন জীবন ফিরে পেয়েছে। এই ঘটনায় জুপ্পুই এলাকাবাসী বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বিজিবি পাহাড়ে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মানবিক চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রভাতী ত্রিপুরার চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
