কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে শুক্রবার ভোরে (১২ জুন) ১২ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত থেকে বাংলাদেশের প্রাগপুরে ওই ১২ জনকে প্রবেশ করানোর চেষ্টা করেন। এসময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে এবং স্থানীয়রা তাদের সহায়তায় বাধা প্রদান করেন। শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের সবাইকে পুনরায় ভারতের সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়।
বিজিবির কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্তে টহল নিয়মিতভাবে জোরদার করা হয়েছে। তিনি বলেন, “রাতের আঁধারে যে কোনো অবৈধ পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
উল্লেখ্য, অনুপ্রবেশের চেষ্টা করা ওই ১২ জনের মধ্যে ৪ পুরুষ, ৪ নারী এবং ৪ শিশু রয়েছেন। তারা বর্তমানে ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছেন।
