parbattanews

সীমান্তে নিরাপত্তা জোরদারসহ চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গত দুই দিন কক্সবাজার ও সীমান্তসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা, অপারেশনাল প্রস্তুতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

শনিবার (১৮ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনসংযোগ পরিদপ্তরের প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করেন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি ওই অঞ্চলে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাঁদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করে তিনি অপারেশনাল কার্যক্রমের আরও উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১৭ জুলাই শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিজিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করে।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি চিকিৎসাসেবামূলক মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাপরিচালক সকল সদস্যকে সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সকল বিজিবি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি কয়েকটি এলাকায় বৃক্ষচারা রোপণ করেন।

Exit mobile version