parbattanews

সীমান্তে বিএসএফের গুলিতে ফের ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা বন্দুকের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে।

পরে ভারত থেকে চোরাচালানি মালামাল নিয়ে ফেরার সময় ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে মো. মুরসালিন (২০) নামে এক বাংলাদেশিসহ দুজন গুরুতর আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে বিএসএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নিহত মুরসালিন কসবা উপজেলার ধজনগর গ্রামের হেবজুমিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানায়, ৬০ বিজিবি (সুলতানপুর ব্যাটালিয়ন) অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছেন। পাশাপাশি বিএসএফকে প্রোটেস্ট নোট পাঠানো এবং পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবির দাবি, নিহত দুই ব্যক্তি এর আগেও চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

Exit mobile version