যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া ভেঙে ১০-১২ জন নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশের বিজিবি সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বাধার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার ( ১ জুন) বিষয়টি জানিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সোমবার ভোর রাতে সাদিপুরের খড়েরমাঠ এলাকায় বিএসএফ কিছু মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঢুকানোর চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে জিরো লাইনে শক্ত অবস্থান নেন এবং এই অবৈধ প্রচেষ্টা রুখে দেন।
বর্তমানে ওই নারী, পুরুষ ও শিশুরা ভারতীয় অংশের জিরো লাইনে আটকে রয়েছে। বিষয়টি সমাধানের জন্য সোমবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ এড়ানো যায়।
