সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন, নিহত ১

fec-image

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। মৃত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী ছিলেন এবং অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে তিনি ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সেন্টমার্টিন যেতে পর্যটক নিতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে থাকে। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসেন। এর মাঝে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি। শুকরিয়া যে, যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে ঘটনাটি ঘটেনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, আগুনের সূত্রপাত জানতে কাজ চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, জাহাজ, দ্যা আটলান্টিক ক্রুজ’
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন