সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১৮ পাচারকারী আটক, সিমেন্ট ও ডিজেল জব্দ


কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮ জন পাচারকারীকে আটক এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেল জব্দ করে কোস্ট গার্ড ।
রোববার (৪ জানুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ‘কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা’ একটি বাংলাদেশি ফিশিং বোটে অভিযান চালিয়ে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করে। অবৈধভাবে মায়ানমারে পাচারের চেষ্টাকালে ওই বোট থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
অপরদিকে, শনিবার মধ্যরাতে একই জাহাজ মায়ানমারের একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন মায়ানমার নাগরিককে আটক করা হয়। জব্দকৃত ডিজেলের মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

















