সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে আটক ১৯

fec-image

​কক্সবাজারের টেকনাফ ​সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, খাদ্যদ্রব্য এবং এনার্জি ড্রিংকসসহ ১৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ২টায় ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোট থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ মালামালসহ ১৯ জনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে আনুমানিক ১১ লাখ টাকা মুল্যের সিমেন্ট ১ হাজার ১৪০ বস্তা, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও ৫ বস্তা রসুন, ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস। এসময় পাচারকাজে ব্যবহৃত ২টি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

আটককৃত ১৯ জনের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা ছাড়াও ৩ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। আনোয়ারার হানুরুর রশিদ (২৭), তারেক (৩৫), আনিসুর রহমান (৪২), শাহাব উদ্দিন (৩২), ও মাঝি আজগর আলি (৫৫), বাঁশখালীর তারেক রহমান (২৯) ও শহীদুল ইসলাম খোকন (২৬), এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নবী (২৭), রোজ মোহাম্মদ (১৮) ও ইমাম হোসেন (৪৪)। এছাড়া কর্ণফুলী, চকরিয়া, কুতুবদিয়া ও রাউজান এলাকার বেশ কয়েকজন এই চক্রে জড়িত।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে পাচার ও চোরাচালান প্রতিহতে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোস্ট গার্ড, সেন্টমার্টিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন