কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন পুর্ব সীমান্ত দিয়ে সমুদ্রে মাছ শিকারকালে দ্বীপের ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝি-মাল্লা ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। দ্বীপের জেলেদের অভিযোগ ওই পূর্ব সীমান্তে যুগ যুগ ধরে মাছ শিকার করে আসছে বাংলাদেশী জেলেরা।
সোমবার (১লা সেপ্টম্বর) ভোর রাতে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ফিশিং বোটগুলো ধরে নিয়ে যায় বলে দ্বীপবাসীরা জানান। বোট তিনটি সেন্টমার্টিন দ্বীপের ৭নং ওয়ার্ডের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন বলে জানা গেছে। ওই তিনটি ফিশিং বোটে ৬ জন করে ১৮ জন মাঝিমাল্লা রয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়জুল ইসলাম জানান, সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পুর্ব সীমান্তের সাগরে মাছ শিকার কালে তিনটি ফিশিং বোটসহ ১৮ জেলেদের ধরে নিয়ে যায়। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন বাহিনীর কাছে অবগত করা হয়েছে। উল্লেখ্য, গত আগস্ট মাসে অর্ধশতাধিক জেলেদের ফিশিং বোট সহ ধরে নিয়ে যায় আরকান আর্মি। যাদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
