parbattanews

সেমিফাইনালে স্পেনকে হারালেই ৮৮ বছরের রেকর্ডে ভাগ বসাবে ফ্রান্স

ছবি সংগৃহীত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ছন্দে রয়েছে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স। গ্রুপ পর্ব থেকে নকআউট প্রতিটি ধাপেই দাপট দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। সেমিফাইনালে স্পেনকে হারাতে পারলেই বিশ্বকাপে ইতালির ৮৮ বছর ধরে অক্ষত থাকা এক অনন্য রেকর্ডে ভাগ বসাবে ‘লে ব্লুজ’।

চলতি আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ফ্রান্স, আর প্রতিটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। স্পেনের বিপক্ষে সেমিফাইনালেও জিততে পারলে এক বিশ্বকাপে টানা সাত ম্যাচ জয়ের কীর্তি গড়বে ফরাসিরা।

বিশ্বকাপের ইতিহাসে এক আসরে টানা সাত ম্যাচ জয়ের নজির এখন পর্যন্ত রয়েছে কেবল ইতালির। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে এই অনন্য রেকর্ড গড়েছিল আজ্জুরিরা।

১৯৩৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচটি ড্র করেছিল ইতালি। সে সময়ের নিয়ম অনুযায়ী রিপ্লে অনুষ্ঠিত হয়, যেখানে স্পেনকে ১-০ গোলে হারিয়ে জয়যাত্রা শুরু করে তারা। এরপর সেমিফাইনালে অস্ট্রিয়াকে এবং ফাইনালে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে ইতালি।

পরের আসর, ১৯৩৮ বিশ্বকাপেও নিজেদের প্রথম চার ম্যাচে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ইতালি। এর মধ্য দিয়েই বিশ্বকাপে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড গড়ে দলটি যা গত ৮৮ বছর ধরে কোনো ইউরোপীয় দল স্পর্শ করতে পারেনি।

এরই মধ্যে ইউরোপের অনেক পরাশক্তি বিশ্বকাপ জিতলেও এক আসরে টানা সাত ম্যাচ জয়ের কীর্তি গড়া সম্ভব হয়নি কারও। এবার সেই বিরল অর্জনের সামনে দাঁড়িয়ে ফ্রান্স।

এমবাপ্পে, উসমান দেম্বেলে ও তাদের সতীর্থরা যদি সেমিফাইনালে স্পেনের বাধা পেরোতে পারেন, তবে ইতালির পাশে নিজেদের নামও লিখিয়ে নেবে ফ্রান্স। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে যোগ হবে নতুন এক গৌরবময় অধ্যায়।

Exit mobile version