আজকের ডিজিটাল যুগে তরুণ প্রজন্মের আচরণ ও সোশ্যাল মিডিয়া সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন। তার মতে দ্রুত রিঅ্যাকশন, ভাইরাল হওয়ার প্রবণতা এবং অপরিণত মন্তব্য সমাজ ও শিক্ষার পরিবেশে প্রভাব ফেলছে। একই সঙ্গে তিনি মেধাস্বত্ব, ব্রেইন ড্রেইন এবং উদ্ভাবন ব্যবস্থার দুর্বলতা নিয়েও কথা বলেন।
রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে কর্মশালায় এসব কথা বলেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন বর্তমান তরুণ প্রজন্ম দ্রুত প্রতিক্রিয়া জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করছে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রবণতা বেড়ে গেছে এবং অনেক সময় শিক্ষার্থী এমনকি ইউনিফর্ম পরেও শিক্ষক বা দায়িত্বশীলদের বিষয়ে অশালীন মন্তব্য করে ফেলছে।
তিনি আরও বলেন এ ধরনের প্রবণতা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগানো না গেলে তা ভবিষ্যতে চ্যালেঞ্জ তৈরি করবে বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী উদ্ভাবন ও মেধাস্বত্ব প্রসঙ্গে বলেন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান এখনো পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেশের উদ্ভাবন বিদেশে গিয়ে রেজিস্ট্রেশন ও ট্রেডমার্ক পাচ্ছে, যা দেশের জন্য উদ্বেগজনক। প্রশাসনিক দুর্বলতার কারণে এই প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন ব্রেইন ড্রেইনের পাশাপাশি রিভার্স ব্রেইন ড্রেইন নিশ্চিত করা জরুরি। দেশের মেধাবীরা যেন ফিরে এসে অবদান রাখতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে।
কর্মশালায় মেধাস্বত্ব, উদ্ভাবন এবং ক্রীড়া খাতকে একসঙ্গে উন্নয়নের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
শেষে তিনি বলেন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে এখনো কম, এই অবস্থান উন্নত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
